যুক্তরাষ্ট্র   বুধবার ১৭ জুন ২০২৬, বুধবার ২ আষাঢ় ১৪৩৩

শোকজের জবাব সন্তোষজনক না হলে আদ্-দ্বীন হাসপাতালের বিরুদ্ধে ব্যবস্থা: স্বাস্থ্যমন্ত্রী

এখন বাংলা ডেস্ক

প্রকাশিত: ০৭ জুন ২০২৬, ০৪:৪০ AM

১৭
শোকজের জবাব সন্তোষজনক না হলে আদ্-দ্বীন হাসপাতালের বিরুদ্ধে ব্যবস্থা: স্বাস্থ্যমন্ত্রী

ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় কারণ দর্শানোর (শোকজ) নোটিশের সন্তোষজনক জবাব না পেলে আদ্-দ্বীন হাসপাতালের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।

আজ শনিবার রাজধানীর মিন্টো রোডে নিজ বাসভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে স্বাস্থ্যমন্ত্রী বলেন, আদ্-দ্বীন হাসপাতালকে দেওয়া শোকজ নোটিশের জবাব আগামীকাল রোববার বিকেলের মধ্যে দিতে হবে। জবাব সন্তোষজনক না হলে হাসপাতালটির বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

মন্ত্রী জানান, ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় হাসপাতালটির লাইসেন্স বাতিল করা হবে না কেন—এ মর্মে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। বিষয়টি জনস্বার্থ ও মানুষের জীবনের নিরাপত্তার সঙ্গে জড়িত উল্লেখ করে তিনি বলেন, তদন্তে যে তথ্য উঠে আসবে, তার ভিত্তিতেই পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, এ ঘটনায় একটি ফৌজদারি মামলাও হয়েছে। তদন্তের ফলাফলের ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

সংবাদ সম্মেলনে জরুরি স্বাস্থ্যসেবা সম্প্রসারণের বিভিন্ন উদ্যোগের কথাও তুলে ধরেন মন্ত্রী। তিনি বলেন, জনগণের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে সরকার নতুন অ্যাম্বুলেন্স সেবা চালুর পরিকল্পনা করছে। এ বিষয়ে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে আলোচনা ও সিদ্ধান্ত হয়েছে।

মন্ত্রী জানান, গ্রাম থেকে উপজেলা, উপজেলা থেকে জেলা এবং জেলা থেকে রাজধানী পর্যন্ত রোগী পরিবহনের জন্য তিন ধরনের অ্যাম্বুলেন্স চালুর পরিকল্পনা রয়েছে। স্থানীয়ভাবে উৎপাদিত বিদ্যুৎচালিত এসব অ্যাম্বুলেন্সে অক্সিজেন সাপোর্টসহ প্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জাম থাকবে।

তিনি বলেন, দেশের ভৌগোলিক ও যোগাযোগব্যবস্থার কথা বিবেচনায় রেখে অ্যাম্বুলেন্সগুলোর নকশা করা হবে। প্রাথমিকভাবে একটি উপজেলাকে মডেল হিসেবে ধরে প্রকল্পটির কাজ শুরু করার পরিকল্পনা রয়েছে। এ ক্ষেত্রে কারিগরি ও নকশাগত সহায়তা দেবে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট)।

ডেঙ্গু পরিস্থিতি প্রসঙ্গে স্বাস্থ্যমন্ত্রী বলেন, রোগটি প্রতিরোধে রাজধানীসহ সারা দেশে সচেতনতামূলক কর্মসূচি পরিচালনা করা হয়েছে। জনসচেতনতা বাড়াতে পরিচ্ছন্নতা কার্যক্রম ও র‌্যালির আয়োজন করা হয়েছে। আক্রান্তদের চিকিৎসার জন্য প্রয়োজনীয় ওষুধও মজুত রয়েছে বলে জানান তিনি।

স্বাস্থ্যমন্ত্রী সবার প্রতি ডেঙ্গু প্রতিরোধে সতর্ক থাকার আহ্বান জানান।

আরএস-রাসেল

০ মন্তব্য


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!