স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বলেছেন, পাইলটিং স্কিম চালুর মাধ্যমে রোগীদের দোরগোড়ায় চিকিৎসাসেবা পৌঁছে দেওয়ার উদ্যোগ নেওয়া হচ্ছে। এ ব্যবস্থায় স্বাস্থ্যকর্মীরা বাড়ি বাড়ি গিয়ে প্রাথমিক স্বাস্থ্যসেবা দেবেন। প্রয়োজন হলে রোগীকে হাসপাতালে নেওয়ার পরামর্শ দেওয়া হবে।
শনিবার নরসিংদীর মনোহরদী উপজেলা পরিষদ মিলনায়তনে দরিদ্র ও অসহায় মানুষের মধ্যে আর্থিক অনুদান বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, পাইলট প্রকল্পের আওতায় স্বাস্থ্যকর্মীরা মানুষের ঘরে গিয়ে স্বাস্থ্যসেবা দেবেন। প্রাথমিক পর্যায়ে রোগীর অবস্থা মূল্যায়ন করে প্রয়োজন হলে তাঁকে হাসপাতালে পাঠানো হবে। এভাবে সারা দেশে চিকিৎসাসেবা আরও সহজ ও মানুষের নাগালের মধ্যে আনার পরিকল্পনা রয়েছে সরকারের।
তিনি বলেন, বর্তমান সরকার জনগণের সেবা নিশ্চিত করতে কাজ করছে। সরকারি সেবা গ্রহণে ঘুষ বা অনিয়মের সুযোগ কমিয়ে আনার চেষ্টা চলছে। প্রধানমন্ত্রী সংশ্লিষ্ট সবাইকে দুর্নীতিমুক্ত থেকে জনগণের কল্যাণে কাজ করার নির্দেশনা দিয়েছেন বলেও উল্লেখ করেন তিনি।
অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী আরও জানান, চীনের সহযোগিতায় তিন হাজার শয্যার দুটি বিশেষায়িত হাসপাতাল নির্মাণের পরিকল্পনা রয়েছে। এসব হাসপাতালে নারী ও শিশুদের চিকিৎসাসেবার জন্য বিশেষ ব্যবস্থা রাখা হবে।
অনুষ্ঠানে মনোহরদী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সজীব মিয়া, উপজেলা বিএনপির সদস্যসচিব আমিনুর রহমান সরকার দোলন, পৌর বিএনপির সদস্যসচিব অ্যাডভোকেট আবদুল হান্নানসহ স্থানীয় রাজনৈতিক ও প্রশাসনিক ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে পৌরসভা ও বিভিন্ন ইউনিয়নের দুই শতাধিক দরিদ্র ও অসহায় মানুষের মধ্যে আর্থিক সহায়তা বিতরণ করা হয়। পরে স্বাস্থ্যমন্ত্রী গাছের চারা রোপণ ও বিতরণ কর্মসূচিতে অংশ নেন।
আরএস-রাসেল
কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!