যুক্তরাষ্ট্র   বুধবার ১৭ জুন ২০২৬, বুধবার ২ আষাঢ় ১৪৩৩

মুখ্যমন্ত্রীকে কটাক্ষ, পিসিবি সভাপতির দয়ায় বাঁচল নাসিম শাহের ক্যারিয়ার

এখন বাংলা ডেস্ক

প্রকাশিত: ৩১ মার্চ ২০২৬, ০৬:২৭ AM

৪৭
মুখ্যমন্ত্রীকে কটাক্ষ, পিসিবি সভাপতির দয়ায় বাঁচল নাসিম শাহের ক্যারিয়ার

পাকিস্তান সুপার লিগের (পিএসএল) উদ্বোধনী দিনে বিতর্কিত মন্তব্যের কারণে দুই বছরের নিষেধাজ্ঞার শাস্তি পেতে বসেছিলেন পাকিস্তানি পেসার নাসিম শাহ। তবে পিসিবি সভাপতি মহসিন নাকভির হস্তক্ষেপে বড় শাস্তি থেকে রক্ষা পেয়েছেন তিনি।

পিএসএলের উদ্বোধনী দিনে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে উপস্থিত ছিলেন পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ও সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফের কন্যা মরিয়ম নওয়াজ। এ সময় নাসিম শাহ একটি সোশাল মিডিয়া পোস্টে বিতর্কিত মন্তব্য করেন—“কেন তাকে লর্ডসের রানীর মতো মর্যাদা দেওয়া হচ্ছে?”—যা দ্রুত ভাইরাল হয়ে যায়।

মন্তব্যের কারণে একটি কমিটি নাসিমকে দুই বছরের জন্য নিষিদ্ধ করার সুপারিশ করেছিল। তবে সাবেক ক্রিকেটার বাসিত আলী আরওয়াই নিউজকে জানিয়েছেন, ‘নাসিম শাহ ভাগ্যবান। কমিটির সিদ্ধান্তের বিপরীতে মহসিন নাকভি হস্তক্ষেপ করেছেন এবং তাকে দুই বছরের নিষেধাজ্ঞা না দিয়ে জরিমানা করার নির্দেশ দিয়েছেন।’

নাসিমকে দুই কোটি পাকিস্তানি রুপি জরিমানা করা হয়েছে। বাসিত আলী আরও বলেন, “নাকভি জানিয়েছেন, কারো ক্যারিয়ার নিয়ে খেলা করা উচিত নয়। নাসিম যথেষ্ট অর্থোপার্জন করতে পারবে, কারণ সে পিএসএল এবং অন্যান্য বৈশ্বিক লিগে খেলে।”

পিএসএলের এবারের আসর লাহোর কালান্দার্স ও হায়দরাবাদ কিংসমেনের ম্যাচ দিয়ে শুরু হয়। মাঠে উপস্থিত ছিলেন মরিয়ম নওয়াজ। পরে নাসিম শাহের পোস্টটি সামাজিক মাধ্যমে ভাইরাল হয়, যদিও তিনি তা দ্রুত মুছে দেন। পরে তিনি জানান, তার এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্ট হ্যাক হয়েছিল, কিন্তু সফলভাবে পুনরুদ্ধার করা হয়েছে।

এ ঘটনায় নাসিমের ক্যারিয়ার বড় ধরনের ক্ষতি থেকে রক্ষা পেয়েছে, তবে জরিমানা ও সতর্কবার্তা তাকে মনে করিয়ে দিয়েছে, সামাজিক মাধ্যমে মন্তব্যের ক্ষেত্রে সাবধান থাকা কতটা জরুরি।

আরএস-রাসেল

০ মন্তব্য


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!