যুক্তরাষ্ট্র   বুধবার ১৭ জুন ২০২৬, বুধবার ২ আষাঢ় ১৪৩৩

পর্যাপ্ত পানি পান করেও শরীরে পানিশূন্যতা? যেভাবে বুঝবেন

এখন বাংলা ডেস্ক

প্রকাশিত: ২৩ মে ২০২৬, ০৬:২৫ AM

২৭
পর্যাপ্ত পানি পান করেও শরীরে পানিশূন্যতা? যেভাবে বুঝবেন

গরমের তাপমাত্রা বাড়তে থাকায় শরীরকে আর্দ্র রাখা এখন আগের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। তবে অনেকেই নিয়মিত পানি পান করলেও শরীরে পানিশূন্যতার (ডিহাইড্রেশন) লক্ষণ অনুভব করতে পারেন। বিশেষজ্ঞদের মতে, শুধু তৃষ্ণা নয়—অন্যান্য উপসর্গও এ সমস্যার ইঙ্গিত দিতে পারে।

শরীরে তরলের ঘাটতি মূলত তখনই দেখা দেয়, যখন শরীর গ্রহণ করা তরলের চেয়ে বেশি তরল হারায়। অতিরিক্ত ঘাম, খনিজ পদার্থের ক্ষয় এবং ইলেক্ট্রোলাইট ভারসাম্যহীনতা এর অন্যতম কারণ।

বিশেষজ্ঞরা বলছেন, পর্যাপ্ত পানি পান করেও যেসব লক্ষণ দেখা দিলে সতর্ক হওয়া জরুরি—

১. ক্রমাগত ক্লান্তি ও দুর্বলতা
পর্যাপ্ত বিশ্রামের পরেও অবসাদ বা দুর্বলতা থাকলে তা পানিশূন্যতার লক্ষণ হতে পারে। শরীরে তরলের ঘাটতি হলে রক্তসঞ্চালন ব্যাহত হয় এবং অক্সিজেন ও পুষ্টি পরিবহনে সমস্যা তৈরি হয়।

২. ঘন ঘন মাথাব্যথা
গরম আবহাওয়ায় নিয়মিত মাথাব্যথা ডিহাইড্রেশনের ইঙ্গিত হতে পারে। পানির ভারসাম্য নষ্ট হলে রক্তপ্রবাহ ও চাপ পরিবর্তিত হয়ে মাথাব্যথা দেখা দিতে পারে।

৩. গাঢ় হলুদ প্রস্রাব বা প্রস্রাব কমে যাওয়া
প্রস্রাবের রঙ শরীরের পানির অবস্থার গুরুত্বপূর্ণ নির্দেশক। গাঢ় রঙের বা ঘন প্রস্রাব শরীরে পানির ঘাটতির ইঙ্গিত দেয়।

৪. মনোযোগে সমস্যা
মনোযোগে ঘাটতি বা মানসিকভাবে ক্লান্ত অনুভব করাও পানিশূন্যতার সঙ্গে সম্পর্কিত হতে পারে। সামান্য ডিহাইড্রেশনও মস্তিষ্কের কার্যক্ষমতা কমিয়ে দিতে পারে।

৫. পানি পান করেও তৃষ্ণা অনুভব করা
পর্যাপ্ত পানি পান করার পরও দুর্বলতা বা তৃষ্ণা থাকলে তা ইলেক্ট্রোলাইট ভারসাম্যহীনতার কারণে হতে পারে। ঘামের মাধ্যমে সোডিয়ামসহ গুরুত্বপূর্ণ খনিজ পদার্থ বেরিয়ে গেলে শুধু পানি পান করেই ঘাটতি পূরণ নাও হতে পারে।

বিশেষজ্ঞদের মতে, শরীরের পানির ভারসাম্য ঠিক রাখতে শুধু পানি নয়, প্রয়োজন অনুযায়ী লবণ ও খনিজ উপাদানও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

আরএস-রাসেল

০ মন্তব্য


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!