যুক্তরাষ্ট্র   বুধবার ১৭ জুন ২০২৬, বুধবার ২ আষাঢ় ১৪৩৩

দুদক পুনর্গঠনে যেকোনো সময় সার্চ কমিটি গঠন: স্বরাষ্ট্রমন্ত্রী

এখন বাংলা ডেস্ক

প্রকাশিত: ১৬ জুন ২০২৬, ০৪:১৯ AM

দুদক পুনর্গঠনে যেকোনো সময় সার্চ কমিটি গঠন: স্বরাষ্ট্রমন্ত্রী

দুর্নীতি দমন কমিশন (দুদক) পুনর্গঠনের লক্ষ্যে চেয়ারম্যান ও কমিশনারদের নাম সুপারিশ করতে শিগগিরই সার্চ কমিটি গঠন করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

সোমবার জাতীয় সংসদে ২০২৫-২৬ অর্থবছরের সম্পূরক বাজেটে দুদকের জন্য অতিরিক্ত বরাদ্দের দাবির ওপর ছাঁটাই প্রস্তাব নিয়ে আলোচনায় অংশ নিয়ে তিনি এ কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সরকার দুদক পুনর্গঠনের বিষয়ে আন্তরিক। সার্চ কমিটির মাধ্যমে যোগ্য ব্যক্তিদের সুপারিশের ভিত্তিতে একটি শক্তিশালী ও কার্যকর দুর্নীতি দমন কমিশন গঠন করা হবে।

তিনি জানান, প্রধান বিচারপতি সার্চ কমিটির জন্য তাঁর প্রতিনিধি মনোনীত করেছেন। ফলে কমিটি গঠনের প্রক্রিয়া এখন অনেকটাই এগিয়ে গেছে।

সালাহউদ্দিন আহমদ বলেন, চেয়ারম্যান ও কমিশনার নিয়োগের চলমান প্রক্রিয়ার মধ্য দিয়ে একটি আরও কার্যকর ও জবাবদিহিমূলক দুদক প্রতিষ্ঠার লক্ষ্য নিয়ে কাজ করছে সরকার।

তিনি আরও বলেন, অন্তর্বর্তী সরকারের সময়ে জারি করা দুদক-সংক্রান্ত অধ্যাদেশ সংসদে অনুমোদিত না হওয়ায় আগের আইন কার্যকর রয়েছে। সেই আইনে সার্চ কমিটি গঠনের বিধানও রয়েছে।

স্বরাষ্ট্রমন্ত্রী জানান, বর্তমান উদ্যোগটি একটি অন্তর্বর্তী ব্যবস্থা। প্রস্তাবিত নতুন দুদক আইন সংসদে পাস হলে আরও ক্ষমতাসম্পন্ন ও শক্তিশালী কমিশন গঠন করা সম্ভব হবে।

তিনি আশা প্রকাশ করেন, নতুন কাঠামোর মাধ্যমে দুর্নীতি দমনে দুদকের সক্ষমতা ও কার্যকারিতা আরও বৃদ্ধি পাবে।

আরএস-রাসেল

০ মন্তব্য


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!