দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলুর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেন। সাক্ষাতে দুর্যোগ ঝুঁকি হ্রাস, মানবিক সহায়তা এবং উদ্ধার সক্ষমতা বৃদ্ধিসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে।
সোমবার সচিবালয়ে ত্রাণমন্ত্রীর দপ্তরে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। সাক্ষাৎকালে মার্কিন রাষ্ট্রদূত বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যকার বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আগামী দিনে আরও শক্তিশালী হবে বলে আশা প্রকাশ করেন। একই সঙ্গে দুই দেশের মধ্যে সহযোগিতার নতুন ক্ষেত্র সৃষ্টি হবে বলেও তিনি উল্লেখ করেন।
ব্রেন্ট টি ক্রিস্টেনসেন বলেন, টেকসই উন্নয়ন, দুর্যোগ ঝুঁকি হ্রাস, ভূমিকম্প-পরবর্তী উদ্ধার কার্যক্রম, রেসকিউ সেন্টার স্থাপন এবং মানবিক সহায়তা কার্যক্রমে বাংলাদেশের সঙ্গে যুক্তরাষ্ট্র আরও ঘনিষ্ঠভাবে কাজ করতে আগ্রহী।
এ সময় ত্রাণমন্ত্রী বাংলাদেশের উন্নয়ন কর্মকাণ্ডে অব্যাহত সহযোগিতার জন্য যুক্তরাষ্ট্র সরকার ও জনগণের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
আসাদুল হাবিব দুলু বলেন, জলবায়ু পরিবর্তন ও প্রাকৃতিক দুর্যোগের নতুন নতুন চ্যালেঞ্জ মোকাবিলায় যৌথ গবেষণা ও জ্ঞান বিনিময় গুরুত্বপূর্ণ। এ ক্ষেত্রে দুই দেশের মধ্যে সহযোগিতা আরও বাড়ানো প্রয়োজন।
তিনি মিয়ানমার থেকে জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের নিরাপদ, স্বেচ্ছামূলক ও টেকসই প্রত্যাবাসনে যুক্তরাষ্ট্রের আরও সক্রিয় সহযোগিতা কামনা করেন।
সাক্ষাৎকালে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ইঞ্জিনিয়ার এম ইকবাল হোসেইন এবং মন্ত্রণালয়ের সচিব মো. সাইদুর রহমান খান উপস্থিত ছিলেন।
আরএস-রাসেল
কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!