যুক্তরাষ্ট্র   বুধবার ১৭ জুন ২০২৬, বুধবার ২ আষাঢ় ১৪৩৩

বগুড়ায় ট্রান্সফরমার চুরির সময় গণপিটুনিতে যুবকের মৃত্যু

এখন বাংলা ডেস্ক

প্রকাশিত: ২০ মে ২০২৬, ০৬:৩৭ AM

২২
বগুড়ায় ট্রান্সফরমার চুরির সময় গণপিটুনিতে যুবকের মৃত্যু

বগুড়ার শেরপুর উপজেলায় একটি সেচ পাম্পের বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরির সময় গণপিটুনিতে মো. রাফি মন্ডল (২৪) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

বুধবার (২০ মে) ভোর সাড়ে ৪টার দিকে শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ ঘটনায় আরও একজন যুবক গুরুতর আহত হয়েছেন।

নিহত রাফি মন্ডল ধুনট উপজেলার গোসাইবাড়ী ইউনিয়নের নাটাবাড়ী গ্রামের বুলু মন্ডলের ছেলে। আহত জাহাঙ্গীর হোসেন (৩২) একই উপজেলার বড়বিলা গ্রামের ইদ্রিস আলীর ছেলে। তিনি বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন।

স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার (১৯ মে) দিবাগত রাত আড়াইটার দিকে শেরপুর উপজেলার কুসুম্বী ইউনিয়নের চন্ডেশ্বর গ্রামে এ ঘটনা ঘটে। রমজান আলী ও আব্দুল জলিল নামে দুই ব্যক্তি একটি সেচ পাম্প পরিচালনা করেন। চুরির আশঙ্কায় তারা ট্রান্সফরমারে একটি অ্যালার্ম ডিভাইস সংযুক্ত করে রাখেন।

পুলিশ জানায়, গভীর রাতে রাফি ও জাহাঙ্গীর ট্রান্সফরমার চুরির চেষ্টা করলে অ্যালার্ম সিগন্যালের মাধ্যমে মালিকপক্ষ সতর্ক হয়ে চিৎকার শুরু করেন। পরে আশপাশের লোকজন ঘটনাস্থলে গিয়ে দুই যুবককে ঘিরে ফেলে। এ সময় উত্তেজিত জনতার গণপিটুনিতে তারা গুরুতর আহত হন।

স্থানীয়রা আহত অবস্থায় দুজনকে উদ্ধার করে শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ভোরে রাফি মন্ডলের মৃত্যু হয়।

খবর পেয়ে শেরপুর থানা–পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। মরদেহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মঈনুদ্দীন বলেন, “ট্রান্সফরমার চুরির সময় গণপিটুনিতে একজনের মৃত্যু হয়েছে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।”

আরএস-রাসেল

০ মন্তব্য


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!