যুক্তরাষ্ট্র   বুধবার ১৭ জুন ২০২৬, বুধবার ২ আষাঢ় ১৪৩৩

বিশ্বরেকর্ড গড়ার পথে বিশ্বকাপের আয়োজক মেক্সিকো

এখন বাংলা ডেস্ক

প্রকাশিত: ০৭ জুন ২০২৬, ০৬:৩১ AM

২৭
বিশ্বরেকর্ড গড়ার পথে বিশ্বকাপের আয়োজক মেক্সিকো

ফিফা বিশ্বকাপের অন্যতম আয়োজক মেক্সিকোতে ‘মেক্সিকান ওয়েভ’-কে ঘিরে এক অনন্য আয়োজন বিশ্বরেকর্ডের পথে রয়েছে বলে দাবি করেছে দেশটির আয়োজকরা।

শনিবার (৬ জুন) রাজধানী মেক্সিকো সিটির প্রধান সড়ক পাসেও দে লা রেফর্মায় হাজারো মানুষের অংশগ্রহণে এই ‘ওয়েভ’ আয়োজন করা হয়। এতে একসঙ্গে সমবেত দর্শকরা হাত উঁচু-নিচু করে সমন্বিত ঢেউ তৈরি করেন, যা জনসমুদ্রে তরঙ্গের মতো দৃশ্য তৈরি করে।

আয়োজকরা জানিয়েছেন, ১৯৮৬ সালে মেক্সিকোতে অনুষ্ঠিত ফুটবল বিশ্বকাপে প্রথম জনপ্রিয় হওয়া ‘মেক্সিকান ওয়েভ’-এর ৪০ বছর পূর্তি উপলক্ষে এ আয়োজন করা হয়। গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের প্রতিনিধিরা ইতোমধ্যে পুরো কার্যক্রমের তথ্য-উপাত্ত যাচাই শুরু করেছে।

মেক্সিকো সিটি সরকারের এক মুখপাত্র বলেন, এটি সরাসরি পুরোনো রেকর্ড ভাঙার জন্য নয়, বরং একটি নতুন রেকর্ড স্থাপনের প্রচেষ্টা। এ আয়োজনের নানা দিক যাচাই করছে গিনেস কর্তৃপক্ষ।

আয়োজনে অংশ নিতে জাতীয় দলের সবুজ জার্সি পরে এবং পতাকা হাতে হাজারো মানুষ যোগ দেন। তারা ‘মেক্সিকো, মেক্সিকো’ স্লোগান দিয়ে পুরো এলাকা মুখর করে তোলেন।

অনুষ্ঠানে অংশ নেওয়া এক দর্শক বলেন, “আমরা বিশ্বের সবচেয়ে বড় ওয়েভে অংশ নিতে পেরে গর্বিত। এটি আমাদের জাতীয় দলের প্রতি ভালোবাসার প্রকাশ।”

এর আগে অংশগ্রহণকারীর সংখ্যার ভিত্তিতে সবচেয়ে বড় ‘মেক্সিকান ওয়েভ’-এর রেকর্ড গড়েছিল যুক্তরাষ্ট্রে ২০০৮ সালে ১ লাখ ৫৭ হাজারের বেশি মানুষের অংশগ্রহণে।

আরএস-রাসেল

০ মন্তব্য


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!