যুক্তরাষ্ট্র   বুধবার ১৭ জুন ২০২৬, বুধবার ২ আষাঢ় ১৪৩৩

ভিনিসিয়ুসের গোলে মরক্কোর সঙ্গে ড্র করল ব্রাজিল

এখন বাংলা ডেস্ক

প্রকাশিত: ১৪ জুন ২০২৬, ০৫:৫৪ AM

১৪
ভিনিসিয়ুসের গোলে মরক্কোর সঙ্গে ড্র করল ব্রাজিল

পিছিয়ে পড়েও ভিনিসিয়ুস জুনিয়রের গোলে বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে ড্র করেছে পাঁচবারের চ্যাম্পিয়ন ব্রাজিল। ‘সি’ গ্রুপের ম্যাচে মরক্কোর সঙ্গে ১-১ গোলে ড্র করে মাঠ ছাড়ে সেলেসাওরা।

শনিবার ভোরে নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে ২১ মিনিটে ইসমাইল সাইবারির গোলে এগিয়ে যায় মরক্কো। তবে ৩২ মিনিটে ভিনিসিয়ুস জুনিয়রের গোলে সমতা ফেরায় ব্রাজিল।

প্রায় ৮০ হাজার দর্শকের সামনে ফিফা র‌্যাঙ্কিংয়ের ছয় ও সাত নম্বরে থাকা দুই দলের এই লড়াই শুরু থেকেই ছিল প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ। শুরুতে চাপ তৈরি করে মরক্কোই প্রথম সাফল্য পায়।

ম্যাচের ২১ মিনিটে মাঝমাঠ থেকে দেওয়া থ্রু পাস ধরে ব্রাজিলের দুই ডিফেন্ডারকে কাটিয়ে চিপ শটে গোল করেন সাইবারি। এগিয়ে যায় মরক্কো।

তবে বেশি সময় পিছিয়ে থাকেনি ব্রাজিল। ৩২ মিনিটে ব্রুনো গিমারায়েসের সঙ্গে সমন্বয় করে ডান পায়ের জোরালো শটে গোল করেন ভিনিসিয়ুস জুনিয়র। জাতীয় দলের হয়ে এটি তার দশম গোল।

এরপর দুই দলই আক্রমণ-পাল্টা আক্রমণে গেলেও প্রথমার্ধে আর গোল হয়নি। ইনজুরি সময়ের তৃতীয় মিনিটে ব্রাজিল সুযোগ পেলেও মরক্কোর গোলরক্ষক ইয়াসিন বোনোর দৃঢ়তায় গোল বঞ্চিত হয় তারা।

দ্বিতীয়ার্ধে ম্যাচের গতি কিছুটা কমে যায়। মাঝমাঠে আধিপত্যের লড়াই চললেও স্পষ্ট সুযোগ তৈরি করতে পারেনি কোনো দলই।

৬৭ মিনিটে ব্রাজিলের লুইজ হেনরিক এবং ৭৯ মিনিটে রাফিনহা সুযোগ পেয়েও লক্ষ্যভেদ করতে ব্যর্থ হন। অন্যদিকে শেষ দিকে মরক্কোর একাধিক আক্রমণ রুখে দেন ব্রাজিলের গোলরক্ষক আলিসন।

ইনজুরি সময়ের নবম মিনিটে শেষ মুহূর্তে নিশ্চিত গোল বাঁচিয়ে দেন আলিসন, ফলে ম্যাচটি শেষ পর্যন্ত ১-১ সমতায় শেষ হয়।

পরিসংখ্যানে সামান্য এগিয়ে ছিল ব্রাজিল। ম্যাচে তারা ৫১.৩ শতাংশ বল দখলে রাখে, মরক্কো রাখে ৪৮.৭ শতাংশ। গোলের উদ্দেশ্যে ব্রাজিল ৫টি এবং মরক্কো ৩টি শট নেয়।

আগামী ১৯ জুন গ্রুপ পর্বের দ্বিতীয় ম্যাচে হাইতির মুখোমুখি হবে ব্রাজিল। একই দিনে স্কটল্যান্ডের বিপক্ষে খেলবে মরক্কো।

আরএস-রাসেল

০ মন্তব্য


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!