দেশের বাজারে সোনার দাম আবারও বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। সর্বোচ্চ মানের ২২ ক্যারেট সোনার ভরিতে ৫ হাজার ৪৮২ টাকা পর্যন্ত দাম বৃদ্ধি করা হয়েছে।
নতুন দর অনুযায়ী ২২ ক্যারেট সোনার ভরি দাঁড়িয়েছে ২ লাখ ৩০ হাজার ৪২২ টাকা, যা আগে ছিল ২ লাখ ২৪ হাজার ৯৪০ টাকা। রোববার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় বাজুস।
বিজ্ঞপ্তিতে বলা হয়, আন্তর্জাতিক বাজারে তেজাবি (পিওর গোল্ড) সোনার দাম বৃদ্ধির কারণে স্থানীয় বাজারে সমন্বয় করে নতুন দর নির্ধারণ করা হয়েছে। নতুন দাম কার্যকর হয়েছে সোমবার সকাল ১০টা থেকে।
নতুন মূল্য তালিকা অনুযায়ী ২১ ক্যারেট সোনার ভরি ২ লাখ ১৯ হাজার ৯৮৩ টাকা, ১৮ ক্যারেট সোনার ভরি ১ লাখ ৮৮ হাজার ৫৫৯ টাকা এবং সনাতন পদ্ধতির সোনার ভরি ১ লাখ ৫৩ হাজার ৫৫৭ টাকা নির্ধারণ করা হয়েছে।
এদিকে সোনার পাশাপাশি রুপার দামও সমন্বয় করেছে বাজুস। নতুন দর অনুযায়ী ২২ ক্যারেট রুপার ভরি ৫ হাজার ৩৬৫ টাকা, ২১ ক্যারেট ৫ হাজার ১৩২ টাকা, ১৮ ক্যারেট ৪ হাজার ৪৩২ টাকা এবং সনাতন পদ্ধতির রুপার ভরি ৩ হাজার ৩২৪ টাকা নির্ধারণ করা হয়েছে।
বাজার বিশ্লেষকদের মতে, আন্তর্জাতিক বাজারে অস্থিরতার প্রভাব স্থানীয় বাজারেও পড়ছে, যার কারণে সোনার দামে এ ধরনের ওঠানামা দেখা যাচ্ছে।
আরএস-রাসেল
কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!