যুক্তরাষ্ট্র   সোমবার ১৫ জুন ২০২৬, সোমবার ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩

শিক্ষক বদলি প্রক্রিয়ায় বিকেন্দ্রীকরণ, দুর্নীতি কমানোর আশা সরকারের : ববি হাজ্জাজ

এখন বাংলা ডেস্ক

প্রকাশিত: ১৫ জুন ২০২৬, ০৫:০৩ AM

শিক্ষক বদলি প্রক্রিয়ায় বিকেন্দ্রীকরণ, দুর্নীতি কমানোর আশা সরকারের : ববি হাজ্জাজ

প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের বদলি প্রক্রিয়াকে আরও স্বচ্ছ, জবাবদিহিমূলক ও দুর্নীতিমুক্ত করতে নতুন বিকেন্দ্রীভূত ব্যবস্থা চালু করেছে সরকার বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ।

রোববার রাজধানীর একটি হোটেলে জিপিই ও ইউনিসেফ আয়োজিত ‘বাংলাদেশ শিক্ষা খাত বিশ্লেষণ (ইএসএ) ২০২৬’ বিষয়ক যাচাইকরণ কর্মশালায় তিনি এ কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, অতীতে শিক্ষক বদলি প্রক্রিয়া সিন্ডিকেট ও অনিয়মের অভিযোগে প্রশ্নবিদ্ধ ছিল। এতে শিক্ষকদের ভোগান্তি যেমন বেড়েছে, তেমনি শিক্ষার মানোন্নয়নেও নেতিবাচক প্রভাব পড়েছে।

ববি হাজ্জাজ বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উদ্যোগে বদলি কার্যক্রম স্থানীয় পর্যায়ে বিকেন্দ্রীকরণ করা হয়েছে। নতুন ব্যবস্থায় উপজেলা, জেলা, বিভাগীয় ও সিটি করপোরেশন পর্যায়ে পৃথক কমিটি গঠন করা হবে। এসব কমিটি নির্দিষ্ট সময় পরপর বৈঠক করে বদলির আবেদনগুলো যাচাই-বাছাই করবে।

তিনি জানান, উপজেলা পর্যায়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) নেতৃত্বে চার সদস্যের একটি কমিটি বদলির আবেদন পর্যালোচনা করবে। পরে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সংশ্লিষ্ট বদলির আদেশ জারি করবেন।

প্রতিমন্ত্রীর ভাষ্য, জেলা, বিভাগীয় ও সিটি করপোরেশন পর্যায়েও পাঁচ বা ছয় সদস্যের কমিটি থাকবে। এসব কমিটির সভাপতির দায়িত্ব পালন করবেন যথাক্রমে জেলা প্রশাসক, বিভাগীয় কমিশনার এবং প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক। তারা আবেদন যাচাই-বাছাই শেষে বদলির বিষয়ে সিদ্ধান্ত দেবেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শিক্ষা ও প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। তিনি তাঁর বক্তব্যে মাধ্যমিক, উচ্চশিক্ষা, মাদ্রাসা ও কারিগরি শিক্ষার উন্নয়নে সরকারের বিভিন্ন উদ্যোগ তুলে ধরেন।

কর্মশালায় শিক্ষা মন্ত্রণালয়, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়, প্রাথমিক শিক্ষা অধিদপ্তর এবং ইউনিসেফের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আরএস-রাসেল

০ মন্তব্য


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!