করদাতাদের সঙ্গে আস্থার সম্পর্ক গড়ে তোলা, কর ব্যবস্থাকে আরও সহজ করা এবং জাতীয় রাজস্ব বোর্ডকে (এনবিআর) সম্পূর্ণ ডিজিটাল রূপান্তরের মাধ্যমে করের আওতা সম্প্রসারণই সরকারের প্রধান লক্ষ্য বলে জানিয়েছেন এনবিআর চেয়ারম্যান মো. আবদুর রহমান খান।
রোববার রাজধানীতে ইকোনমিক রিপোর্টার্স ফোরাম (ইআরএফ) আয়োজিত ‘অর্থ বিল ২০২৬-২৭-এর বিশ্লেষণ’ শীর্ষক সেমিনারে তিনি এসব কথা বলেন।
আবদুর রহমান খান বলেন, এবারের বাজেট প্রণয়নে সাধারণ মানুষের স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়েছে। কর ও শুল্ক বৃদ্ধির ফলে যাতে নিত্যপণ্যের দাম অতিরিক্ত না বাড়ে, সে বিষয়টি বিবেচনায় রেখে বিভিন্ন খাতে কর-শুল্কে স্বস্তি দেওয়া হয়েছে।
তিনি বলেন, কোভিড-১৯ মহামারি, ইউক্রেন যুদ্ধ, মধ্যপ্রাচ্যের অস্থিরতা এবং অর্থনৈতিক রূপান্তরের প্রভাবে ব্যবসা-বাণিজ্য ও শিল্প খাত নানা চ্যালেঞ্জের মুখে রয়েছে। এ পরিস্থিতিতে উৎপাদন, কর্মসংস্থান ও ব্যবসা সহজ করতে সরকার বিভিন্ন সহায়ক পদক্ষেপ নিয়েছে।
ভ্যাট ব্যবস্থাকে সহজ করার উদ্যোগের কথা তুলে ধরে এনবিআর চেয়ারম্যান বলেন, ছোট ও প্রান্তিক ব্যবসায়ীদের জন্য সহজ ভ্যাট ব্যবস্থা চালুর পরিকল্পনা নেওয়া হয়েছে। এতে জটিল রিটার্ন, অডিট বা হিসাব সংরক্ষণের ঝামেলা ছাড়াই অনলাইনে নিবন্ধন নিয়ে নির্ধারিত টার্নওভার কর পরিশোধ করা যাবে।
তিনি জানান, ভ্যাট নিবন্ধন প্রক্রিয়া আয়করের ই-টিআইএনের মতো তাৎক্ষণিক করা হবে। পাশাপাশি ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য এনবিআরের নিজস্ব সফটওয়্যার তৈরি করা হবে, যার মাধ্যমে সহজে ভ্যাট রিটার্ন জমা দেওয়া যাবে।
তামাক খাতে কর ফাঁকি রোধে প্রযুক্তিনির্ভর ব্যবস্থা চালুর কথাও জানান তিনি। তাঁর ভাষ্য, সিগারেট ও অন্যান্য তামাকজাত পণ্যের স্ট্যাম্পে কিউআর কোড যুক্ত করা হবে। এতে ভোক্তারা মোবাইল ফোনের মাধ্যমে কর পরিশোধের তথ্য যাচাই করতে পারবেন। কর ফাঁকির তথ্য দিলে ভোক্তাদের পুরস্কৃত করা হবে এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
আবদুর রহমান খান বলেন, বর্তমানে ৪৫ লাখের বেশি করদাতা অনলাইনে আয়কর রিটার্ন দাখিল করেছেন। আগামী অর্থবছর থেকে কোম্পানি ও ভ্যাট রিটার্নও পুরোপুরি অনলাইনে আনার পরিকল্পনা রয়েছে। এর ফলে তথ্য বিশ্লেষণের মাধ্যমে ঝুঁকিভিত্তিক অডিট পরিচালনা করা সহজ হবে।
তিনি আরও বলেন, সঞ্চয়পত্রের মুনাফার ওপর কর বৃদ্ধির কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। নতুন ব্যবস্থায় অনেক ক্ষুদ্র বিনিয়োগকারী স্বয়ংক্রিয়ভাবে কর ফেরত পাওয়ার সুযোগ পাবেন।
সেমিনারে ইআরএফের সভাপতি দৌলত আকতার মালা সভাপতিত্ব করেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন সংগঠনটির সাধারণ সম্পাদক আবুল কাসেম।
আরএস-রাসেল
কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!