তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, স্বাধীন গণমাধ্যমের বিকাশে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। তাঁর উদ্যোগেই দেশের গণমাধ্যম সংকটময় পরিস্থিতি থেকে বেরিয়ে স্বাধীনভাবে কাজ করার সুযোগ পেয়েছিল।
রোববার জাতীয় প্রেসক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাৎবার্ষিকী উপলক্ষে আয়োজিত ‘গণমাধ্যম ও শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান’ শীর্ষক আলোচনা সভায় বিশেষ বক্তার বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তথ্যমন্ত্রী বলেন, ১৯৭৫ সালের সংবিধানের চতুর্থ সংশোধনী ও সংবাদপত্র নিয়ন্ত্রণমূলক ব্যবস্থার কারণে গণমাধ্যমের স্বাধীনতা সংকুচিত হয়েছিল। পরবর্তী সময়ে জিয়াউর রহমান গণমাধ্যমের স্বাধীন বিকাশের পরিবেশ তৈরিতে ভূমিকা রাখেন।
তিনি বলেন, জিয়াউর রহমান শুধু গণমাধ্যমকে অবকাঠামোগত ও প্রাতিষ্ঠানিক সহায়তাই দেননি, বরং রাষ্ট্র ও সমাজের বিভিন্ন বিষয়ে স্বাধীনভাবে মত প্রকাশের সুযোগও নিশ্চিত করেছিলেন।
আলোচনা সভায় জিয়াউর রহমানের রাজনৈতিক ও রাষ্ট্রীয় ভূমিকার বিভিন্ন দিক তুলে ধরে জহির উদ্দিন স্বপন বলেন, ভিন্নমতকে গুরুত্ব দেওয়া, রাজনৈতিক অংশগ্রহণের সুযোগ সৃষ্টি এবং সংসদীয় ব্যবস্থাকে সক্রিয় করার ক্ষেত্রে তাঁর অবদান রয়েছে।
জাতীয় প্রেসক্লাবের সভাপতি কবি হাসান হাফিজের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আইয়ূব ভূঁইয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপির মহাসচিব ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) মহাসচিব কাদের গনি চৌধুরী, ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) সভাপতি শহীদুল ইসলাম এবং দৈনিক যুগান্তরের সম্পাদক আবদুল হাই শিকদার।
সভায় বক্তারা জিয়াউর রহমানের রাজনৈতিক জীবন, গণতন্ত্র প্রতিষ্ঠা ও গণমাধ্যমের বিকাশে তাঁর অবদান নিয়ে আলোচনা করেন।
আরএস-রাসেল
কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!