যুক্তরাষ্ট্র   সোমবার ১৫ জুন ২০২৬, সোমবার ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩

১০ জেলা হাসপাতালে আইসিইউ কার্যক্রম উদ্বোধন

এখন বাংলা ডেস্ক

প্রকাশিত: ১৫ জুন ২০২৬, ০৪:৫৪ AM

১০ জেলা হাসপাতালে আইসিইউ কার্যক্রম উদ্বোধন

দেশের ১০টি জেলা সদর হাসপাতালে নবস্থাপিত নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ) কার্যক্রম উদ্বোধন করেছেন স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।

রোববার সকালে নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালে আয়োজিত অনুষ্ঠানে তিনি আইসিইউ কার্যক্রমের উদ্বোধন করেন। একই সময়ে ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে বাকি নয়টি হাসপাতালেও এ কার্যক্রম চালু করা হয়।

স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, বিশ্বব্যাংকের সহায়তায় বাস্তবায়িত জরুরি রেসপন্স ও মহামারি প্রস্তুতি (ইআরপিপি) প্রকল্পের আওতায় এসব আইসিইউ স্থাপন করা হয়েছে।

নতুন আইসিইউ চালু হওয়া হাসপাতালগুলো হলো—মুন্সীগঞ্জ ২৫০ শয্যা জেলা হাসপাতাল, টাঙ্গাইল ২৫০ শয্যা জেলা হাসপাতাল, সুনামগঞ্জ ২৫০ শয্যা জেলা সদর হাসপাতাল, গোপালগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল, চুয়াডাঙ্গা জেলা হাসপাতাল, নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতাল, যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল, শেরপুর ২৫০ শয্যা জেলা সদর হাসপাতাল, মাদারীপুর জেলা হাসপাতাল এবং বাগেরহাট জেলা হাসপাতাল।

মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, প্রতিটি আইসিইউ ইউনিটে পেডিয়াট্রিক ভেন্টিলেটর, অক্সিজেন কনসেন্ট্রেটরসহ প্রয়োজনীয় আধুনিক চিকিৎসা সরঞ্জাম স্থাপন করা হয়েছে। এসব ইউনিট পরিচালনার জন্য প্রয়োজনীয় জনবলও নিয়োগ দেওয়া হয়েছে।

সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, নতুন আইসিইউ চালুর ফলে জেলা পর্যায়ে শিশু ও প্রাপ্তবয়স্ক জটিল রোগীদের জন্য উন্নতমানের সংকটাপন্ন চিকিৎসাসেবা নিশ্চিত করা সহজ হবে। এতে গুরুতর রোগীদের চিকিৎসার জন্য রাজধানী বা বড় শহরের হাসপাতালের ওপর নির্ভরতা কমবে এবং স্থানীয় পর্যায়ে দ্রুত চিকিৎসাসেবা পাওয়া যাবে।

সরকারের স্বাস্থ্য অবকাঠামো উন্নয়ন কর্মসূচির অংশ হিসেবে দেশের বিভিন্ন অঞ্চলে চিকিৎসাসেবার সক্ষমতা বাড়ানোর উদ্যোগ চলমান রয়েছে বলে স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে।

আরএস-রাসেল

০ মন্তব্য


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!