যুক্তরাষ্ট্র   সোমবার ১৫ জুন ২০২৬, সোমবার ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩

জুলাইয়ের মধ্যে সাড়ে ৪ লাখ শিক্ষার্থীকে বিনা মূল্যে স্কুল ড্রেস দেওয়া হবে: শিক্ষামন্ত্রী

এখন বাংলা ডেস্ক

প্রকাশিত: ১৫ জুন ২০২৬, ০৪:৫৬ AM

জুলাইয়ের মধ্যে সাড়ে ৪ লাখ শিক্ষার্থীকে বিনা মূল্যে স্কুল ড্রেস দেওয়া হবে: শিক্ষামন্ত্রী

আগামী জুলাই মাসের মধ্যে প্রাথমিক বিদ্যালয়ের সাড়ে ৪ লাখ শিক্ষার্থীর মধ্যে বিনা মূল্যে স্কুল ড্রেস বিতরণ করা হবে বলে জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

রোববার রাজধানীর একটি হোটেলে ইউনিসেফ আয়োজিত ‘বাংলাদেশ শিক্ষা খাত বিশ্লেষণ (ইএসএ) ২০২৬’ বিষয়ক যাচাইকরণ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, শিক্ষাকে আরও আনন্দময় ও শিক্ষার্থীবান্ধব করতে সরকার শিক্ষাখাতের বিভিন্ন সমস্যা সমাধানে কাজ করছে। তিনি জানান, প্রাথমিকের সব শিক্ষার্থীর জন্য পর্যায়ক্রমে ‘মিড-ডে মিল’ বা দুপুরের খাবার চালুর পরিকল্পনাও রয়েছে।

ড. এহছানুল হক মিলন বলেন, প্রাথমিক পর্যায় থেকেই শিক্ষার্থীদের সুনাগরিক হিসেবে গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে। এ লক্ষ্যে চতুর্থ শ্রেণি থেকে খেলাধুলা, সংস্কৃতি, নৈতিক শিক্ষা ও ধর্মীয় মূল্যবোধসহ বিভিন্ন বিষয় শিক্ষাক্রমে অন্তর্ভুক্ত করা হয়েছে।

তিনি বলেন, দেশের জনমিতিক লভ্যাংশকে কাজে লাগিয়ে বিপুল জনসংখ্যাকে দক্ষ মানবসম্পদে রূপান্তর করতে হবে। এ লক্ষ্য অর্জনে শিক্ষাখাতকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে সরকার।

কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব মো. দাউদ মিয়া এবং ক্যাম্পেইনের (ক্যামপে) নির্বাহী পরিচালক রাশেদা কে চৌধুরী।

এ ছাড়া ইউনিসেফ বাংলাদেশের প্রতিনিধি রানা ফ্লাওয়ার্স, ব্রিটিশ হাইকমিশনের ফরেন, কমনওয়েলথ অ্যান্ড ডেভেলপমেন্ট অফিসের ডেপুটি ডেভেলপমেন্ট ডিরেক্টর মার্টিন ডসন, ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিদলের মিনিস্টার কাউন্সিলর মাইকেল ক্রেজাসহ শিক্ষা খাতের বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা ও উন্নয়ন সহযোগী সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

আরএস-রাসেল

০ মন্তব্য


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!