যুক্তরাষ্ট্র   সোমবার ১৫ জুন ২০২৬, সোমবার ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩

হাবিবুল্লাহ বাহার কলেজে জমকালো আয়োজনে অনুষ্ঠিত হলো ‘সিএসই ব্যাটলফেস্ট ২.০’

এখন বাংলা ডেস্ক

প্রকাশিত: ২২ মে ২০২৬, ০৯:৪৬ AM

৮০
হাবিবুল্লাহ বাহার কলেজে জমকালো আয়োজনে অনুষ্ঠিত হলো ‘সিএসই ব্যাটলফেস্ট ২.০’

ছবি: এখন বাংলা

শিক্ষার্থীদের সৃজনশীলতা, নেতৃত্বগুণ ও প্রযুক্তিগত দক্ষতা বিকাশের লক্ষ্যে হাবিবুল্লাহ বাহার কলেজের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগ আয়োজন করে ১৫ দিনব্যাপী ‘সিএসই ব্যাটলফেস্ট ২.০ – আন্তবিভাগীয় আয়োজন’। দীর্ঘ এ আয়োজনে কলেজের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীদের অংশগ্রহণে ক্যাম্পাসজুড়ে তৈরি হয় উৎসবমুখর পরিবেশ।

অনুষ্ঠানে ছিল ফুটবল, বিতর্ক, ই-ফুটবল, লুডু, উনো ও দাবাসহ নানা প্রতিযোগিতা। পাশাপাশি প্রযুক্তিপ্রেমী শিক্ষার্থীদের জন্য আয়োজন করা হয় প্রোগ্রামিং প্রতিযোগিতা, যা পরিচালনা করে হাবিবুল্লাহ বাহার কলেজ কম্পিউটার ক্লাব। দর্শকদের অংশগ্রহণ বাড়াতে রাখা হয় ‘মাইন্ডস্টর্ম’ ও ‘অ্যাক্ট লাইক’ নামের বিনোদনধর্মী পর্ব। বিভিন্ন বিভাগে সেরা পারফরমারদের পুরস্কার হিসেবে দেওয়া হয় উপহার সামগ্রী।

আয়োজনের অন্যতম আকর্ষণ ছিল বিতর্ক প্রতিযোগিতা। এতে চ্যাম্পিয়ন হয় ‘দ্য র‍্যাশনালিস্ট’ দল। দলের সদস্য ছিলেন আহমেদ আলম, রাইমা সানিয়াত ও সুমাইয়া আক্তার। রানারআপ হয় ‘দ্য থিংক ট্যাংক’ দল। সদস্যরা হলেন সাহারা ইসলাম, জুবায়ের আল মাহবুব ও মো. নাঈমুর রহমান।

প্রোগ্রামিং প্রতিযোগিতায় বিজয়ী হন তাসিন রহমান অনিক। ই-ফুটবল প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হন মো. নয়ন হোসাইন এবং রানারআপ হন মো. নাঈমুর রহমান।

লুডু প্রতিযোগিতায় ‘লুডু লুটারস’ দল বিজয়ী হয়। দলের সদস্য তাসনুবা ফারিন ও মো. নাঈমুর রহমান। রানারআপ হয় ‘ডাইস ডিভাস’ দল, যার সদস্য আনিকা আঞ্জুম মিম ও সাহারা ইসলাম।

এ ছাড়া উনো প্রতিযোগিতায় প্রিয়া রানী দেবী চ্যাম্পিয়ন এবং আইভি রহমান স্নেহা রানারআপ হন। দাবা প্রতিযোগিতায় বিজয়ী হন রিয়াজুল ইসলাম এবং রানারআপ হন তাসিন রহমান অনিক।

ফুটবল পর্বে ‘ম্যান অব দ্য ম্যাচ’ নির্বাচিত হন মেহেদী ইসলাম। সেরা গোলরক্ষকের স্বীকৃতি পান মো. নাঈমুর রহমান।

দর্শকদের জন্য রাখা বিশেষ পর্বে সেরা পারফরম্যান্সের জন্য পুরস্কৃত হন মুবাসসির আহমেদ ও আইভি।

আয়োজন সম্পর্কে সংগঠক দলের সদস্য ফাহিমা তাজরি বলেন, “শিক্ষার্থীদের মানসিক বিকাশ এবং সুপ্ত প্রতিভা খুঁজে বের করার লক্ষ্য নিয়েই এই আয়োজন করা হয়েছে। আমরা চাই জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও আন্তর্জাতিক পর্যায়ে নিজেদের যোগ্যতা তুলে ধরুক।”

বিতর্ক প্রতিযোগিতায় অংশ নেওয়া শিক্ষার্থী ফাহমিদা তাসনিম বলেন, “এটাই ছিল আমার প্রথম বিতর্ক প্রতিযোগিতা। আয়োজনের আগে প্রশিক্ষণ সেশন থাকায় আত্মবিশ্বাস বেড়েছে। এমন উদ্যোগ শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”

আয়োজকরা জানান, শিক্ষার্থীদের মধ্যে দলগত কাজ, যোগাযোগ দক্ষতা ও প্রতিযোগিতামূলক মনোভাব তৈরিতে এ ধরনের আয়োজন ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

হবীবুল্লাহ বাহার কলেজ সি.এস.ই ডিপার্টমেন্ট

০ মন্তব্য


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!