শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, প্রাথমিক শিক্ষাকে আরও মানসম্মত ও আনন্দময় করতে সরকার বিভিন্ন উদ্যোগ বাস্তবায়ন করছে। এর অংশ হিসেবে আগামী জুলাই মাসের মধ্যে দেশের প্রায় সাড়ে ৪ লাখ প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীর মধ্যে স্কুল ড্রেস বিতরণের পরিকল্পনা নেওয়া হয়েছে।
শনিবার নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে পঞ্চমীঘাট উচ্চবিদ্যালয়ের চারতলা বিশিষ্ট বিশ্বেশ্বর পোদ্দার ভবনের উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
শিক্ষামন্ত্রী বলেন, শিক্ষার পরিবেশ উন্নত করার পাশাপাশি শিক্ষার্থীদের বিদ্যালয়মুখী করতে সরকার নানা কর্মসূচি হাতে নিয়েছে। স্কুল ড্রেস বিতরণের পাশাপাশি বিদ্যালয়গুলোতে মাল্টিমিডিয়া শ্রেণিকক্ষ, খেলাধুলা ও বিতর্ক ক্লাব চালুর উদ্যোগ নেওয়া হচ্ছে।
তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান শিক্ষাখাতকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছেন। তাঁর পরিকল্পনা অনুযায়ী পর্যায়ক্রমে দেশের সব প্রাথমিক বিদ্যালয়ে ‘মিড-ডে মিল’ চালুর উদ্যোগ নেওয়া হয়েছে।
ড. আ ন ম এহছানুল হক মিলন বলেন, শিক্ষা শুধু পাঠ্যবই পড়া বা জিপিএ-৫ অর্জনের মধ্যে সীমাবদ্ধ নয়। শিক্ষাকে আনন্দময় ও জীবনমুখী করতে হবে। এ লক্ষ্যেই পাঠ্যপুস্তক পরিমার্জন ও সংশোধনের কাজ শুরু হয়েছে।
তিনি আরও বলেন, দেশের জনসংখ্যাকে দক্ষ মানবসম্পদে রূপান্তর করতে তৃতীয় ভাষা শিক্ষা এবং কারিগরি শিক্ষার প্রসারে সরকার বিশেষ গুরুত্ব দিচ্ছে।
শিক্ষামন্ত্রী জানান, শত বছরের পুরোনো শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে জাতীয়করণের বিষয়ে একটি নীতিমালা প্রণয়নের পরিকল্পনা রয়েছে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে জাতীয় সংসদের হুইপ এ বি এম আশরাফ উদ্দিন নিজান, নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান, জেলা প্রশাসক মো. রায়হান কবির এবং পুলিশ সুপার মো. মিজানুর রহমান মুন্সী উপস্থিত ছিলেন।
সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা আসিফ আল জিনাতের সভাপতিত্বে অনুষ্ঠানে বিদ্যালয়ের সভাপতি ড. নুসরাত ফাতেমা স্বাগত বক্তব্য দেন।
অনুষ্ঠান শেষে নবনির্মিত ভবন পরিদর্শন করেন অতিথিরা। বক্তারা বিদ্যালয়ের অবকাঠামোগত উন্নয়ন শিক্ষার পরিবেশ উন্নত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন।
কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!