পবিত্র হজ পালন শেষে এখন পর্যন্ত ৫৪ হাজার ৩২৩ জন বাংলাদেশি হাজি দেশে ফিরেছেন। আজ শনিবার হজ বুলেটিন থেকে এ তথ্য জানা গেছে। বাংলাদেশ সময় ১৩ জুন রাত ২টা ৫৯ মিনিট পর্যন্ত প্রাপ্ত তথ্য অনুযায়ী ফিরতি ফ্লাইট কার্যক্রম চলমান রয়েছে।
হজ অফিসের তথ্য অনুযায়ী, এ পর্যন্ত ১২৭টি ফিরতি ফ্লাইট পরিচালিত হয়েছে। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ৫৮টি, সৌদিয়া এয়ারলাইন্স ৪৮টি এবং ফ্লাইনাস এয়ারলাইন্স ২১টি ফ্লাইট পরিচালনা করেছে।
সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় ফেরত
ফিরে আসা হাজিদের মধ্যে সরকারি ব্যবস্থাপনায় দেশে ফিরেছেন ৪ হাজার ৩১৩ জন এবং বেসরকারি ট্রাভেল এজেন্সির মাধ্যমে ফিরেছেন ৫০ হাজার ১০ জন।
মৃত্যু ও চিকিৎসা সেবা
এবারের হজ মৌসুমে এখন পর্যন্ত ৫০ জন বাংলাদেশি হাজি মারা গেছেন। তাঁদের মধ্যে ৩৩ জন পুরুষ ও ১৭ জন নারী। মৃত্যুর স্থান হিসেবে মক্কায় ৩৫ জন, মদিনায় ১৪ জন এবং জেদ্দায় ১ জনের মৃত্যু হয়েছে বলে জানানো হয়েছে।
হজ বুলেটিনে আরও বলা হয়, সৌদি আরবের বিভিন্ন হাসপাতালে ৪১০ জন বাংলাদেশি হাজি চিকিৎসা নিয়েছেন এবং ১৮ জন বর্তমানে হাসপাতালে ভর্তি রয়েছেন।
সেবা কার্যক্রম
সৌদি আরবের মেডিকেল সেন্টারগুলো থেকে এ পর্যন্ত ৬২ হাজার ৮৩৭ জন এবং আইটি হেল্প ডেস্কের মাধ্যমে ২৭ হাজার ৬৬৫ জন হাজি সেবা নিয়েছেন।
এর আগে গত ১৭ এপ্রিল প্রথম হজ ফ্লাইটে বাংলাদেশ থেকে যাত্রা শুরু হয়। ২৬ মে পবিত্র হজ অনুষ্ঠিত হয়। ৩০ মে থেকে ফিরতি ফ্লাইট শুরু হয়ে আগামী ১ জুলাই পর্যন্ত চলবে বলে জানিয়েছে হজ কর্তৃপক্ষ।
আরএস-রাসেল
কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!