যুক্তরাষ্ট্র   সোমবার ১৫ জুন ২০২৬, সোমবার ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩

বিএনপির সংসদ সদস্যদের দ্বিতীয় দিনের প্রশিক্ষণ কর্মশালা চলছে

এখন বাংলা ডেস্ক

প্রকাশিত: ০৭ মার্চ ২০২৬, ০৭:১৩ AM

৫৫
বিএনপির সংসদ সদস্যদের দ্বিতীয় দিনের প্রশিক্ষণ কর্মশালা চলছে

ত্রয়োদশ জাতীয় সংসদ অধিবেশনকে সামনে রেখে বিএনপি সংসদ সদস্যদের জন্য দুইদিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার দ্বিতীয় দিন শনিবার অনুষ্ঠিত হচ্ছে।

গুলশানে বিএনপি চেয়ারম্যানের কার্যালয়ে সকালের সেশনে স্বাগত বক্তব্য রাখেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সেশনে ঢাকা জেলা, ময়মনসিংহ, ফরিদপুর ও ঢাকা বিভাগের সংসদ সদস্যরা অংশগ্রহণ করেন। বিকেলের সমাপনী পর্বে সিলেট, কুমিল্লা ও চট্টগ্রামের এমপিরা অংশ নেবেন।

সকালের পর্বে উপস্থিত ছিলেন স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, আমীর খসরু মাহমুদ চৌধুরী, হাফিজ উদ্দিন আহমেদ, ভাইস চেয়ারম্যান আহমেদ আজম খান এবং সিনিয়র নেতা ওসমান ফারুক প্রমুখ।

গতকাল শুক্রবার কর্মশালার উদ্বোধন করেন সংসদ নেতা প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রথম দিনে সরকারের মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপদেষ্টারা অংশগ্রহণ করেন।

কর্মশালার মূল উদ্দেশ্য হচ্ছে নতুন ও পুনর্নির্বাচিত এমপিদের সংসদের বিধি-বিধান, কার্যপ্রণালী এবং অন্যান্য সংসদীয় বিষয় সম্পর্কে ধারণা প্রদান করা।

ত্রয়োদশ সংসদ নির্বাচনে বিএনপির নির্বাচিত ২০৯ জন সংসদ সদস্যের মধ্যে ১৪৬ জনই নতুন। আগামী ১২ মার্চ এ সংসদের প্রথম অধিবেশন বসবে বেলা ১১টায়; ২৩ ফেব্রুয়ারি রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন অধিবেশন আহ্বান করেন।

আরএস-রাসেল

০ মন্তব্য


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!