যুক্তরাষ্ট্র   সোমবার ১৫ জুন ২০২৬, সোমবার ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩

পররাষ্ট্র মন্ত্রণালয়ে উপদেষ্টার পদায়ন চান জামায়াত আমির

এখন বাংলা ডেস্ক

প্রকাশিত: ১১ মার্চ ২০২৬, ০৬:২৭ AM

৪৯
পররাষ্ট্র মন্ত্রণালয়ে উপদেষ্টার পদায়ন চান জামায়াত আমির

জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামী–র আমির ড. শফিকুর রহমান তাঁর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ মাহমুদুল হাসান–কে পররাষ্ট্র মন্ত্রণালয়–এ পদায়নের প্রস্তাব দিয়েছেন।

এ বিষয়ে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান–কে অনুরোধ জানিয়ে গত ২২ ফেব্রুয়ারি পররাষ্ট্র মন্ত্রণালয়ে একটি চিঠি পাঠানো হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

চিঠিতে বলা হয়েছে, অধ্যাপক মাহমুদুল হাসান বিরোধীদলীয় নেতার পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হিসেবে দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করছেন। বিভিন্ন দেশের সঙ্গে সম্পর্ক উন্নয়নে তাঁর পেশাদার নেটওয়ার্ক ও কূটনৈতিক অভিজ্ঞতা রয়েছে।

চিঠিতে আরও উল্লেখ করা হয়, তিনি জাতিসংঘ, কমনওয়েলথ, আসিয়ান আঞ্চলিক ফোরাম এবং ইউরোপীয় ইউনিয়ন–সহ এশিয়া, আফ্রিকা, ওশেনিয়া, আমেরিকা ও ইউরোপের বিভিন্ন দেশের সঙ্গে সম্পর্ক জোরদারে কাজ করে আসছেন।

চিঠিতে বলা হয়েছে, বিরোধীদলীয় নেতার পররাষ্ট্র উপদেষ্টাকে মন্ত্রণালয়ে পদায়নের প্রস্তাবটি নতুন ও অভিনব উদ্যোগ। এর মাধ্যমে জাতীয় সংসদের বিরোধী দলের পররাষ্ট্রনীতি সরকারের কাছে উপস্থাপন, তা পর্যালোচনা এবং আন্তর্জাতিক সম্পর্কে ভারসাম্য রক্ষা করা সম্ভব হবে।

ভূরাজনৈতিক বাস্তবতা বিবেচনায় দেশের পররাষ্ট্রনীতি সমন্বিতভাবে পরিচালনার স্বার্থে প্রস্তাবটি বিবেচনার জন্য সরকারের প্রতি সুপারিশ জানানো হয়েছে বলে চিঠিতে উল্লেখ করা হয়।

আরএস-রাসেল

০ মন্তব্য


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!