যুক্তরাষ্ট্র   সোমবার ১৫ জুন ২০২৬, সোমবার ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩

ক্ষুদ্র নৃগোষ্ঠীকে স্বনির্ভর করতে এসএমই ঋণ ও প্রশিক্ষণের আশ্বাস: মির্জা ফখরুল

এখন বাংলা ডেস্ক

প্রকাশিত: ০১ এপ্রিল ২০২৬, ০৫:২৪ AM

৫৫
ক্ষুদ্র নৃগোষ্ঠীকে স্বনির্ভর করতে এসএমই ঋণ ও প্রশিক্ষণের আশ্বাস: মির্জা ফখরুল

দেশের ক্ষুদ্র নৃগোষ্ঠীর জনগোষ্ঠীকে অর্থনৈতিকভাবে স্বনির্ভর করে তুলতে ক্ষুদ্র ও মাঝারি উদ্যোগ (এসএমই) ঋণ এবং প্রশিক্ষণ কর্মসূচি জোরদার করার আশ্বাস দিয়েছেন স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

মঙ্গলবার বিকেলে রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে জাতীয়তাবাদী ক্ষুদ্র জাতিগোষ্ঠী দলের আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, ক্ষুদ্র নৃগোষ্ঠীর মানুষদের নিজেদের বিচ্ছিন্ন মনে না করে বৃহত্তর জাতীয় সত্তার অংশ হিসেবে ভাবতে হবে। একই সঙ্গে তাদের নিজস্ব ঐক্য ও সাংস্কৃতিক পরিচয় রক্ষার বিষয়েও সচেতন থাকার আহ্বান জানান তিনি। “বিশ্বজুড়ে সংঘাত ও বিভাজন বাড়ছে। এ পরিস্থিতিতে আমাদের দেশে সৌহার্দ্য ও সহাবস্থান জোরদার করা জরুরি,” বলেন তিনি।

ক্ষুদ্র নৃগোষ্ঠীর বিভিন্ন সমস্যার কথা উল্লেখ করে বিএনপির মহাসচিব বলেন, এসব সমস্যা চিহ্নিত করে পর্যায়ক্রমে সমাধানের উদ্যোগ নেওয়া হবে। তিনি বলেন, “অধিবাসীরা এ দেশেরই ভূমিপুত্র—তাঁরা বাংলাদেশের অবিচ্ছেদ্য অংশ।”

তিনি আরও জানান, সংরক্ষিত নারী আসনে ক্ষুদ্র জাতিগোষ্ঠী থেকে প্রতিনিধি আনার সম্ভাবনা রয়েছে বলে তিনি আশা করছেন।

এ বছরের সেপ্টেম্বর-অক্টোবর মাসে প্রধানমন্ত্রীর উপস্থিতিতে ঢাকায় আদিবাসীদের একটি বড় সমাবেশ আয়োজনের পরিকল্পনার কথাও জানান মির্জা ফখরুল। “সবাইকে নিয়ে একটি অন্তর্ভুক্তিমূলক ও সম্প্রীতির বাংলাদেশ গড়ে তুলতে হবে,” বলেন তিনি।

জাতীয়তাবাদী ক্ষুদ্র জাতিগোষ্ঠী দলের সভাপতি মৃগেন হাগিদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আরও উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য বিজন কান্তি সরকার, যুগ্ম মহাসচিব ও ময়মনসিংহ জেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দ এমরান সালেহ প্রিন্সসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতারা।

আরএস-রাসেল

০ মন্তব্য


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!