বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য অধ্যাপক ডা. মো. আব্দুল কুদ্দুস আর নেই। দীর্ঘদিন হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর শনিবার দুপুরে তিনি মারা যান।
বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, শনিবার (২৫ এপ্রিল) দুপুর ২টা ২০ মিনিটে রাজধানীর ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস হাসপাতাল-এ চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষনিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৬ বছর।
তিনি আরও জানান, অধ্যাপক কুদ্দুস দীর্ঘদিন ধরে হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ)-তে চিকিৎসাধীন ছিলেন।
পারিবারিক সূত্রে জানা গেছে, মরহুম অধ্যাপক আব্দুল কুদ্দুস স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে রেখে গেছেন। রোববার বাদ জোহর ময়মনসিংহের গফরগাঁওয়ে নিজ গ্রামে দ্বিতীয় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হবে।
এর আগে শনিবার বাদ আসর রাজধানীর নয়াপল্টন বিএনপি কেন্দ্রীয় কার্যালয়-এর সামনে তাঁর প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক এ জেড এম জাহিদ হোসেন, জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীসহ বিএনপির শতাধিক নেতা-কর্মী অংশ নেন।
জানাজা শেষে দলের পক্ষ থেকে মরহুমের কফিনে ফুল দিয়ে শ্রদ্ধা জানান নেতারা।
অধ্যাপক ডা. মো. আব্দুল কুদ্দুস একাত্তরের মুক্তিযুদ্ধে অংশ নিয়েছিলেন। পেশাগত জীবনে তিনি বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের চক্ষু বিজ্ঞান বিভাগের সাবেক শিক্ষক এবং একটি সরকারি হাসপাতালের প্রাক্তন ডেপুটি সুপারিনটেনডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেন। রাজনৈতিক জীবনে তিনি বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা এবং জিয়া পরিষদ কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি ছিলেন।
তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর, অধ্যাপক এ জেড এম জাহিদ হোসেনসহ বিএনপির শীর্ষ নেতারা। পৃথক শোকবার্তায় তাঁরা মরহুমের আত্মার মাগফেরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।
আরএস-রাসেল
কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!